সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতাকর্মী।

রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকেই ডাসার উপজেলার গোপালপুরে এই ঘটনা ঘটেছে, যার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক নেতৃত্বে ভোরে দলীয় নেতাকর্মীরা গোপালপুর এলাকায় জড়ো হন। পরে তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। নেতাকর্মীরা ১৭ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন দক্ষিণাঞ্চল অচল করার ঘোষণা দেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানিয়েছেন, “ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সরে পড়ে। এখন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বন্ধ থাকা সড়কটি পুনরায় খুলে চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে।”

সড়ক অবরোধের কারণে এলাকায় যান চলাচল প্রায় থমকে যায়, যা সাধারণ মানুষ ও পরিবহন সংস্থার জন্য সমস্যা সৃষ্টি করেছে।