সারাদেশ

ভোলায় শুক্রবার ঈদ পালন করবেন অন্তত ৩ হাজার মানুষ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

ভোলায় শুক্রবার ঈদ পালন করবেন অন্তত ৩ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

চাঁদের হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার এ বছরও একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত।

বৃহস্পতিবার সকালে খলিফা মজনু মিয়ার স্ত্রী জয়গুন বিবি জানান, তার স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু বর্তমানে এ দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দীর্ঘদিনের ধর্মীয় অনুশীলন অনুযায়ী এ অঞ্চলের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

রাশেদুল ইসলাম বাবু জানান, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের এসব পরিবার শুক্রবার ঈদ উদ্‌যাপন করবেন। টবগী গ্রামে সকাল ৯টায় প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা শিহাব উদ্দিন। একই সময়ে চৌকিদার বাড়ির জামে মসজিদেও জামাত অনুষ্ঠিত হবে এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঈদের জামাত অনুষ্ঠিত হবে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি ও আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকাসহ আরও কয়েকটি স্থানে।

এ ১৪টি গ্রামের মধ্যে রয়েছে- ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া; লালমোহন উপজেলার পৌর শহর ও ফরাজগঞ্জ; এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা। এসব এলাকার বাসিন্দারা প্রতিবছরই একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করে থাকেন।

জানা গেছে, সুরেশ্বর দরবার পীরের মুরিদদের পাশাপাশি চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারি শরিফ পীরের অনুসারীরাও শতাধিক বছর ধরে এই প্রথা অনুসরণ করে আসছেন। ফলে ধর্মীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও আগাম ঈদ উদ্‌যাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।