সারাদেশ

২ ঘণ্টা পর সরানো হলো চট্টগ্রামে আটকে পড়া সেই হজ ফ্লাইট


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

২ ঘণ্টা পর সরানো হলো চট্টগ্রামে আটকে পড়া সেই হজ ফ্লাইট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে পড়া বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় বিমান চলাচল।

বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রামে অবতরণ করে। কিন্তু অবতরণের পর রানওয়ে-২৩ এর প্রান্তে পৌঁছে যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি আটকে পড়ে। এতে উড়োজাহাজটিতে থাকা ৩৮৭ জন যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

ঘটনার সময় ভেতরে থাকা যাত্রীদের একজন, হজ পালন শেষে ফেরা দোস মোহাম্মদ জানান, “নেমেই দেখি প্রচণ্ড বৃষ্টি। রানওয়ের মাঝপথে এসে হঠাৎ থেমে যায় বিমানটি। সবাই চিন্তিত হয়ে পড়েছিল।”

পরে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরই পুনরায় চালু হয় বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হয়েছে এবং বর্তমানে সব ফ্লাইট সময়মতো পরিচালিত হচ্ছে।