সারাদেশ

কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম

কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ’ধর্ষণ’ করেছে কথিত চোর।

সোমবার রাতের ওই ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

চকরিয়া পৌরসভায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের মামলার এজাহারের বরাতে তিনি বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

"এসময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। ওই যুবক চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।"

পরে রাতেই ওই নারীর স্বামী থানায় যান। মঙ্গলবার সকালে থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ওসি শফিকুল বলেন, ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।