সারাদেশ
ধীরে ধীরে স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
ধীরে ধীরে স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা ও দূরপাল্লার যাত্রীবাহী সব যানবাহন চলাচল করছে। পণ্যবাহী ট্রাকগুলোও বিভিন্ন জেলায় যাতায়াত শুরু করেছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি থাকা ১৪৪ ধারা বহাল রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান গণমাধ্যমকে জানান, জনজীবন স্বাভাবিকের পথে ফিরলেও মিছিল, মিটিং ও অবরোধের মতো কর্মসূচির উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। শহরে এখন পরিস্থিতি অনেকটা শান্ত, তবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের যৌথ টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীবাহী কোচ খাগড়াছড়িতে প্রবেশ করছে ও এখান থেকে ছাড়ছে। অন্যদিকে সাজেক ভ্রমণে গত দুই দিনে প্রায় ৪০টি পর্যটকবাহী পিকআপ প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ আরিফ।
জানা গেছে, জুম্ম ছাত্র-জনতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং প্রশাসন তাদের দাবির প্রতি আশ্বাস দেওয়ায় গত মঙ্গলবার রাত ১১টা থেকে আগামী রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। ফলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অবরোধ কর্মসূচি ঘোষণা করলে কয়েক দফায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।