সারাদেশ

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সোনাপুর-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক যাত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।”

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উদ্ধার কাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সোনাপুর-বসুরহাট সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং এখানে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় স্পিডব্রেকার ও ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন।