সারাদেশ
জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেবিদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য তুলে ধরে অভিযোগের জবাব দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে ১০ কোটি টাকা নেওয়ার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। তার মতে, সরকারি নিয়ম অনুযায়ী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেবিদ্বার উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা সরাসরি প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে।
ভিডিও বার্তায় তিনি উন্নয়ন বরাদ্দ সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেবিদ্বার উপজেলার মোট ১৪৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সাধারণ খাতে ৪টি প্রকল্পে ২৩ লাখ টাকা, বিশেষ খাতে ৭৬টি প্রকল্পে ৬ কোটি ২ লাখ টাকা এবং রাজস্ব ও নিজস্ব খাতে ২৩টি প্রকল্পে ৮১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে সাধারণ খাতে ১২টি প্রকল্পে ৩৭ লাখ টাকা এবং বিশেষ খাতে ৩৩টি প্রকল্পে ৯৯ লাখ টাকা বরাদ্দের তথ্যও তুলে ধরেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা তার দায়িত্ব। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচারের মাধ্যমে দেবিদ্বারের উন্নয়ন কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি জানান, বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে যেকোনো ধরনের তদন্ত বা যাচাইকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।