সারাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, পুলিশ কর্মকর্তা ও নারী কারাগারে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, পুলিশ কর্মকর্তা ও নারী কারাগারে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় কাজী পারভীন আক্তার নামে ওই নারীও গ্রেপ্তার হয়েছেন।

বুধবার নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি আই ব্লকের একটি ফ্ল্যাট থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার প্রবাসী মো. জহির শাহের ভাই নাদিমের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৌদি আরবপ্রবাসী মো. জহির শাহ ২০১৮ সালের ২৯ মার্চ সৌদি আরবে যান। এরপর তার স্ত্রী ও সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেন ছোট ভাই নাদিম। পুলিশ কর্মকর্তা নুরুন্নবী মুন্না আকবরশাহ থানায় কর্মরত থাকার সময় ২০২১ সালের ২০ জুন পূর্বপরিচয়ের সূত্র ধরে জহিরের বাসায় যাতায়াত শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পারভীনের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী বিশ্ব কলোনির ওই ফ্ল্যাটে যান। সেখানে তিনি পারভীনের সঙ্গে রাত যাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া নুরুন্নবী ও পারভীন পরস্পরের যোগসাজশে ওই ফ্ল্যাট থেকে জহির শাহের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর পুলিশ নুরুন্নবী মুন্নাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পারভীনকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আকবরশাহ থানায় ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগে দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭, ৩২৩, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা পুলিশ কর্মকর্তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে প্রবাসী জহিরের ভাই বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।