সারাদেশ

কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে তুহিন নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।

পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।

কোটবাড়ি পুলিশ ফাড়ির পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহজনকভাবে তুহিনকে আটক করা হয়েছে।

তবে তুহিনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কী কারণে তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।