সারাদেশ

অপ্রতিমের পরিবারকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

অপ্রতিমের পরিবারকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
ছবি: সংগৃহীত

অপ্রতিম হত্যার পর এবার তার বাবা মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনরা।

এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম নিজের মোবাইল নম্বর বন্ধ করে রেখেছেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সদর দক্ষিণ থানার পরিদর্শক ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার হয়রানি এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অপ্রতিমের বাবা শাহরিয়ার বলেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও তাদের পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে তাদের দুজনের মোবাইলে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হয়ে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।