সারাদেশ

জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম

জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন
উপদেষ্টা শারমীন মুর্শিদ। ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের স্বীকৃতি দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ। তবে যোদ্ধাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সনদ দেওয়ার প্রক্রিয়া কিছুটা কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে গাজীপুরের টঙ্গীতে আকস্মিক সফরে গিয়ে তিনি শহীদ নাফিসা ও শহীদ মারওয়ার কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সেটি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের কাজ চলমান আছে। তবে যোদ্ধা ও শহীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ ও জটিল।"

তিনি আরও বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর এক বছর হয়ে গেল, কিন্তু এতদিনেও সব শহীদ পরিবারের কাছে পৌঁছাতে পারিনি—এটি আমাদেরই একটি ব্যর্থতা। অভিযোগ থাকে যে আমরা দেরি করি, কিন্তু তারপরও চেষ্টা করছি যেন দেরি হলেও সবাইকে পৌঁছানো যায়।"

উপদেষ্টা জানান, শহীদ নাফিসার পরিবার যে অনুদান পাওয়ার কথা, তা ইতোমধ্যে পেয়েছে। একইভাবে আরেকজন শহীদের বাবাও সরকারি সহায়তা পেয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

সফরে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।