সারাদেশ

গাজীপুরে রেললাইনের পাশে আগুন, পাঁচটি বস্তার গুদাম পুড়ে ছাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

গাজীপুরে রেললাইনের পাশে আগুন, পাঁচটি বস্তার গুদাম পুড়ে ছাই
গাজীপুরে রেললাইনের পাশে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী এলাকায় রেললাইনের পাশে একটি বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজারের গরুহাটা এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোরে গুদামের পেছনের অংশে আগুন দেখা দেয়। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে গুদামের পাশাপাশি পাশের একটি মসজিদের এসি ইউনিটও পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পাঁচটি গুদামের সব মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পাশের মসজিদ ও রিকশা গ্যারেজ অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।