সারাদেশ
গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি
গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে জাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ।
মামলার প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে বাসু নিজের বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা খারাপ হওয়ায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।
২০১৭ সালের ২৯ আগস্ট দায়রা জজ অভিযোগ গঠন করেন এবং পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ এ রায় ঘোষণা করা হয়।