সারাদেশ
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ আলীর ছেলে অটোভ্যান চালক মোহাম্মদ আমীর আলী (৪০) ও একই গ্রামের মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)। তিনি অটোভ্যানের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক যাত্রী সড়কেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাত্রী শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভ্যান চালক আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।