সারাদেশ

শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক শিশুর পা মোচড় দেওয়ার ভিডিও ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে শিশুটির পা ভাঙেনি বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় গত ১১ জুন এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল মিয়া ও সায়মা আক্তার দম্পতির তিন মাস বয়সী শিশু রিজিককে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মনোমালিন্যের এক পর্যায়ে শিশুটির খালা লতা বেগম তার পায়ে মোচড় দেন। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়, যেন শিশুটির পা ভেঙে গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির খোঁজ নেয়। পুলিশ জানায়, শিশুটির পা ভাঙা বা গুরুতর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শিশুটির বাবা-মা জানান, ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর। তাদের সন্তানের পায়ে কোনো ধরনের প্লাস্টার বা ব্যান্ডেজ নেই। পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটলেও পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে ভিডিওটি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।