সারাদেশ

জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। সরকার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে এবং এতে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নিয়মতান্ত্রিকভাবে অনিয়ম দূর করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহত পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, কর্মসংস্থান নিশ্চিতকরণ, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়।

পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী টুকু। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।