সারাদেশ
মানিকগঞ্জে হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরির চেষ্টা, গণপিটুনির পর দুই নারী আটক
মানিকগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে ছদ্মবেশে প্রবেশ করে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে উত্তেজিত জনতা তাদের ওপর মারধর চালায়।
আটক দুই নারী হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মন্দিরে মহানামযজ্ঞ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। এ সময় অভিযুক্ত দুই নারী শাঁখা ও সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে অনুষ্ঠানে অংশ নেন। প্রসাদ বিতরণের একপর্যায়ে তারা এক নারী ভক্তের গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে উপস্থিত ভক্তরা তাদের হাতেনাতে আটক করেন।
পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং স্থানীয়দের মাধ্যমে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মহানামযজ্ঞ চলাকালে শত শত ভক্তের উপস্থিতিতে চেইন চুরির চেষ্টা করতে গিয়ে দুই নারী ধরা পড়েন। পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দেননি। সে কারণে আটক নারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরির কোনো আলামতও উদ্ধার করা যায়নি।