সারাদেশ
ঢাকা-আরিচা মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ, ২ ভাই নিহত
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে একের পর এক চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি ব্যক্তিগত গাড়ি সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি পণ্যবাহী ভ্যানও ব্রেক করে। এর পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়। এ সময় দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।
অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। আবাস ও সুজয় সম্পর্কে চাচাতো ভাই।
সাভার মহাসড়ক থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই থানার উপপরিদর্শক তারেক জানান, সকালেই জাতীয় জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। ঘটনাস্থলে এখনও দুর্ঘটনাকবলিত বাস, পণ্যবাহী ভ্যান ও মোটরসাইকেল রয়েছে। বিষয়টি মহাসড়ক পুলিশকে জানানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল তাদের অধিক্ষেত্রে, তাই তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সব যানবাহনই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটির কারণে পেছনের যানবাহনগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় এই দুর্ঘটনা ঘটে।