সারাদেশ

জমিতে ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

জমিতে ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম।

নিহত সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন এবং বেলকুচি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মোতালেব হোসেন প্রামাণিক জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যেই রোপা ধানের চারা লাগাচ্ছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে সদস্য পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।