সারাদেশ
নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ৪
নরসিংদীর বেলাবোয় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০), উপজেলার মাটিয়ালপাড়া এলাকার আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার আতস আলীর ছেলে রকি (২৮) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন পুলিশ কনস্টেবল শামসুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।