সারাদেশ
গাজীপুরে ছেলেকে হত্যার খবর শুনে প্রাণ গেল বৃদ্ধা মায়েরও
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আতাউর রহমান আতা মিয়া (৬০) নামের এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শোনার পর তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আতা মিয়া ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা ছিলেন।
কাপাসিয়া উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের একটি নির্জন স্থানে আতা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের আত্মীয় মোস্তফা আকন জানান, আতা মিয়া অত্যন্ত ধার্মিক ও সৎ ব্যক্তি ছিলেন। বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ধারণা, অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে আতা মিয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।