সারাদেশ
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে মোটরসাইকেল চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ পরে মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা ছিলেন।