সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। কারখানাটি থেকে এখন পর্যন্ত ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুরের ডেগির চালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা আধুনিক স্টেশনের তিনটি, কোনাবাড়ী স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

বিকেল সোয়া ৪টার দিকে তালহা বিন জসিম জানান, কারখানা থেকে ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুন সম্পূর্ণ নেভানোর পর ভবনটিতে পুনরায় তল্লাশি চালানো হবে।

বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।