সারাদেশ

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান
চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার (৩০ আগস্ট) সকালে একটি গুরুত্বপূর্ণ পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সের উদ্দেশ্য ছিল দ্রুত বিচারিক সেবা প্রদান এবং জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার পরিকল্পনা গ্রহণ।

চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ কনফারেন্সের আয়োজন করে।

সভায় প্রধান বক্তা ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে বিচারিক সেবা নিশ্চিত করা এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বিচার প্রক্রিয়া যেন সহজ, সঠিক এবং স্বচ্ছ হয়, যাতে জনগণ কোনো ধরনের হয়রানির শিকার না হয়।"

এ সময় মাদক পাচার ও স্বর্ণ চোরাচালান নিয়ে বিশেষ আলোচনা হয়। চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন, "মাদক মামলার আসামিরা দ্রুত জামিন পাচ্ছে, কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শুধু ছোটখাটো পাচারকারীদের গ্রেফতার করলে এই অপরাধ বন্ধ হবে না।"

পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রসঙ্গে ম্যাজিস্ট্রেটরা বলেন, সঠিক সময়ের মধ্যে তদন্ত ও রিপোর্ট জমা দিতে হবে, যাতে বিচার কার্যক্রম দ্রুত শেষ করা যায়। তারা জানান, পুলিশের সহযোগিতায় মামলার সাক্ষীদের সঠিক সময়ে আদালতে হাজির করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা একসাথে কাজ করে আইনি সেবা সহজতর এবং সঠিক করার লক্ষ্যে সরকারের বিভিন্ন আইনি সংশোধনীর বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, কনফারেন্সে উপস্থিত ছিলেন পিবিআই ঝিনাইদহের এসপি গাজী রবিউল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার সহ অন্যান্য পুলিশ ও আইনজীবী নেতৃবৃন্দ।

এ কনফারেন্সের মাধ্যমে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও শক্তিশালী হবে, যা বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সঠিক ন্যায়বিচার নিশ্চিত করবে।