সারাদেশ

মহাসড়কে বাস-ট্রাক দুর্ঘটনা, এসআই-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

মহাসড়কে বাস-ট্রাক দুর্ঘটনা, এসআই-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

নড়াইল-যশোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কের ওই স্থানে একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে বাঁশের অগ্রভাগ। এতে বাসযাত্রীরা গুরুতর আহত হন।

ঘটনাস্থলেই মারা যান যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন। আহতদের মধ্যে যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর এবং পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন।

নিক্কন আঢ্যের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত এসআই নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং নিশিকান্ত আঢ্যের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি র‌্যাবে কর্মরত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। রবিবার তিনি মুন্সিগঞ্জে আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।