সারাদেশ

মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলা গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ব্যাংকের অফিসে থাকা কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন মৃধা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি।

ব্যাংকের ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কেউ জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন লাগিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এছাড়া ব্যাংকে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।