সারাদেশ

খুলনায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ এএম

খুলনায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা সেতুর পূর্বপাড়ে টোল প্লাজার কাছে সাগর শেখ (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রূপসা থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন যুবক সাগর শেখকে বাড়ি থেকে ডেকে এনে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর মাথায় গুলি করে। গুলি করার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সাগর মহাসড়কের ওপর লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর শেখ গোপালগঞ্জ জেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তিনি খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের গ্রিনবাংলা হাউজিং এলাকায় বড় ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ছিলেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।