সারাদেশ

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শনে চুয়াডাঙ্গায় দিনব্যাপী মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শনে চুয়াডাঙ্গায় দিনব্যাপী মেলা অনুষ্ঠিত
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) জেলা শহরের মুক্তমঞ্চে সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ও পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। এছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মেলায় জৈবসার উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উদ্যোক্তা ইরফান হায়দার, তৌফিকুল আলম এবং মেহেরপুর বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান।

দিনব্যাপী এই মেলায় চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার মোট ৪০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেন। মেলায় নিরাপদ খাদ্য, জৈবসার, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলার বিভিন্ন পর্বে আলোচনা, প্রদর্শনী ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়সহ নানা কার্যক্রম আয়োজন করা হয়। মেলা শেষে সেরা তিনজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার অর্জন করেন দামুড়হুদা উপজেলার সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান ‘মিষ্টি বাড়ি’। দ্বিতীয় পুরস্কার পান চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ‘শাহীন সুইট’।