সারাদেশ

অর্থের অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

অর্থের অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’
ছবি: সংগৃহীত

অর্থকষ্টের অজুহাতে মাগুরায় নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে বিষয়টি গোপন রাখতে তিনি স্ত্রীকে ‘জিন-পরী’ নিয়ে যাওয়ার গল্প শোনান এবং ঝাড়ফুঁকের নাটকও সাজান।

ঘটনাটি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে ঘটে।

জানা যায়, গত ২৭ মে স্ট্যাম্পের মাধ্যমে সাগর হোসেন (৩৮) নামে ওই ব্যক্তি তার দেড় মাস বয়সী কন্যাশিশু টুকটুকিকে দক্ষিণ বীরপুর এলাকার এক দম্পতির কাছে ২৫ হাজার টাকায় তুলে দেন। বিষয়টি গোপন রেখে তিনি স্ত্রী তানজিলা খাতুনকে বিভ্রান্ত করতে ‘জিন-পরী’ শিশুটিকে নিয়ে গেছে বলে জানান। এমনকি বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে এক ফকির এনে ঝাড়ফুঁকের আয়োজনও করেন তিনি।

একদিন শিশুটিকে বিছানায় না পেয়ে মা তানজিলা খাতুন হতবাক হয়ে পড়েন। পরে সন্দেহ হলে তিনি শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) মাগুরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ বীরপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা সাগর হোসেন, ক্রেতা দম্পতি শাহাবুর রহমান ও মনিরা খাতুন এবং মধ্যস্থতাকারী হিসেবে মাগুরা সদর হাসপাতালের কর্মচারী সুজয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। দারিদ্র্য কখনোই সন্তান বিক্রির অজুহাত হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

শিশুটির মা তানজিলা খাতুন বলেন, আর্থিক সংকট ও পারিবারিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন এবং স্বামীকে ক্ষমা করার আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।