সারাদেশ
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে আগুন, চালক ও হেল্পার নিহত
কুষ্টিয়া জেলার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে আগুন ধরে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুষ্টিয়া বাইপাস সড়ক হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথে বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে মাঠে উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে পাথরের নিচে চাপা পড়া হেলপারের মরদেহও উদ্ধার করা হয়।
মৃতদেহ দুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।