সারাদেশ

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ নারী আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ নারী আটক
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ নারী আটক। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন বেনীপুর বিওপি এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন ওই নারীরা। এ সময় সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ বলেন, বিজিবি বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। আটক ৮ জনকে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।