সারাদেশ

হাসপাতালের মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম

হাসপাতালের মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক মৃত তরুণীকে ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা জুড়ে নিন্দা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত লাশবাহক মো. আবু সাঈদ (১৯) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর (রোববার) দুপুর দেড়টার দিকে হাসপাতালের মর্গে এই জঘন্য ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা এবং থানা পুলিশের লাশবাহক হিসেবে কাজ করতেন।

থানা সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় ২০ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দায়িত্বে থাকা লাশবাহক আবু সাঈদ সুযোগ বুঝে একা অবস্থায় মৃত তরুণীর মরদেহের সঙ্গে পাশবিক নির্যাতন চালান।

পরে ময়নাতদন্তকারী চিকিৎসক মরদেহে তাজা বীর্যের উপস্থিতি শনাক্ত করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এতে নিশ্চিত হওয়া যায়, মৃত্যুর পর তরুণীকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশের তৎপরতায় মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন।

বুধবার (২২ অক্টোবর) গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “ঘটনাটি অমানবিক ও নৃশংস। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ এই ঘটনাকে দেশের অন্যতম ভয়াবহ অনৈতিক অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।