সারাদেশ
স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনা সাজে ভ্যানচালক ‘মেসি সুমন’
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ভক্তদের উন্মাদনার নানা গল্প শোনা যায়, তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড়ের কাহিনি যেন তারও ব্যতিক্রম। চরম দারিদ্র্যের মধ্যেও প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পুরো এলাকাকে সাজিয়েছেন আর্জেন্টিনার রঙে।
ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন নিজের পরিবার নিয়ে বসবাস করেন ছোট্ট একটি ঘরে। সংসারে অভাব-অনটন লেগেই থাকলেও বিশ্বকাপ এলেই বদলে যায় তার জীবনযাপন। এলাকায় তিনি ‘মেসি সুমন’ নামেই বেশি পরিচিত।
নিজের জীবিকার একমাত্র মাধ্যম ভ্যান রিকশাটিকে তিনি নীল-সাদা রঙের পতাকায় মুড়িয়ে ফেলেছেন। শুধু তাই নয়, কিনেছেন ১৬টি বড় পতাকা। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জায় নিজের পুরো বসতিপাড়াকে এমনভাবে সাজিয়েছেন যে, দূর থেকে দেখলে মনে হয় এটি যেন ছোট্ট একটি ‘আর্জেন্টিনা গ্রাম’।
এই আয়োজনের পেছনে রয়েছে চমকপ্রদ গল্প। সুমন তার স্ত্রী আরতি রাণী ও ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমার নামে একটি গ্রামীণ সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সেই অর্থই ব্যয় করছেন পতাকা, রং ও সাজসজ্জার কাজে।
এছাড়াও বিশ্বকাপ চলাকালে প্রিয় দলের খেলা উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করে আপ্যায়নের পরিকল্পনাও করেছেন তিনি।
সুমন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। ফুটবলের প্রতি তার এই ভালোবাসা রক্তে মিশে আছে। বিশ্বকাপ এলেই তিনি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে হলেও প্রিয় দলের জন্য কিছু করতে চান।
স্বামী সুমনের এই ব্যতিক্রমী ভালোবাসার বিষয়ে তার স্ত্রী আরতি রাণী জানান, বিয়ের পর থেকেই তিনি এই ফুটবলপ্রীতি দেখে আসছেন। সংসারে অভাব থাকলেও বিশ্বকাপ এলেই সুমন যেন অন্য মানুষ হয়ে যান। ঋণ নিয়ে এত কিছু করা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও স্বামীর আনন্দের কথা ভেবে তিনি বিষয়টি মেনে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারাও সুমনের এই উদ্যোগে মুগ্ধ। তারা জানান, অভাবের মধ্যেও ফুটবলের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা খুব কমই দেখা যায়। এই কারণেই এলাকায় ‘মেসি সুমন’ নামে তিনি আলাদা পরিচিতি পেয়েছেন।