সারাদেশ

জামালপুরে ২০ ফুটের আর্জেন্টিনা পতাকা চুরি, থানায় জিডি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

জামালপুরে ২০ ফুটের আর্জেন্টিনা পতাকা চুরি, থানায় জিডি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো প্রায় ২০ ফুট দীর্ঘ একটি বিশাল পতাকা চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তহবিল গঠন করে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি নদীর পাশের একটি উঁচু খুঁটিতে টাঙিয়ে রাখা হয়।

তবে পরদিন পতাকাটি আর দেখতে না পেয়ে সমর্থকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এটি চুরি হয়েছে বলে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সমর্থক টুটুল সিকদার জানান, অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে পতাকাটি তৈরি করা হয়েছিল। কারও টিফিনের টাকা বাঁচিয়ে, কারও ব্যক্তিগত খরচ কমিয়ে এই পতাকার জন্য অর্থ জোগাড় করা হয়। পতাকাটি চুরি হওয়ায় ক্লাবের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, ঘটনাটি নিয়ে একটি জিডি নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।