সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮০০ ঘর ক্ষতিগ্রস্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:৫১ এএম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮০০ ঘর ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টানা এক সপ্তাহের ভারী বর্ষণের ফলে ভয়াবহ জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০০ ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার রোহিঙ্গা শরণার্থী সরাসরি এই দুর্যোগের শিকার হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দিনভর ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাম্পের একাধিক ব্লকে পানি প্রবেশ করে এবং কোথাও কোথাও ঘরের ভিতরে কাঁদা-মাটি ঢুকে পড়ে। পাশাপাশি কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে, যার ফলে কয়েকটি ঘর মাটিচাপা পড়ে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, “সোমবার রোহিঙ্গা ক্যাম্পে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে বিপদাপন্ন অবস্থায় থাকা শতাধিক পরিবারকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টারসহ নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “টানা বর্ষণে ক্যাম্পগুলোতে পানি জমেছে এবং পাহাড় ধসের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত পরিবার এখন পানিবন্দি। অনেকে লার্নিং সেন্টারে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঝুঁকিতে থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এমন দুর্যোগ নেমে আসে। প্রশাসন ও বিভিন্ন মানবিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কাজ করছে।