সারাদেশ
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন যুবক আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাত ১০টার দিকে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপি অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতরা হলেন—মাদারীপুর জেলার শিবচর থানার সোরাপুর গ্রামের শাহ আলম হালদার (৪২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার পূর্বা জালাবাড়ী গ্রামের সুব্রত মিস্ত্রি (৪২) এবং চট্টগ্রাম জেলার সন্দীপ থানার হরিশপুর গ্রামের ইমন দাস (১৮)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।