সারাদেশ

গোপালগঞ্জে পৃথক বিজয় র‍্যালি করেছে জামায়াত ও বিএনপি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

গোপালগঞ্জে পৃথক বিজয় র‍্যালি করেছে জামায়াত ও বিএনপি
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে পৃথকভাবে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ পৌর নিউ মার্কেট এলাকা থেকে সদর উপজেলা বিএনপির একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি পাঁচুড়িয়া, কোট এলাকা, পোস্ট অফিস মোড় ও চৌরঙ্গী ঘুরে পৌর পার্কে গিয়ে শেষ হয়।

শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, সদস্য কে এম বাবর, তৌফিকুল ইসলাম, এমএ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন ও সাধারণ সম্পাদক ফজলুল কবির (দারা) প্রমুখ।

অন্যদিকে, একই সময়ে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা এলাকা থেকে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী এম এম রেজাউল করিম, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও সাবেক আমির আব্দুল হামিদ, এবং জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে একই দিনে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন আহত মুক্তিযোদ্ধা রাজু তালুকদার, জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জেলার রাজনীতি চত্বরে দিনটি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেখানে শাসক বিরোধী দলগুলো পৃথকভাবে বিজয়ের আনন্দ উদ্‌যাপন করেছে এবং সরকারি ব্যবস্থাপনায় শহীদদের স্মরণে সম্মেলনের আয়োজন করা হয়।