সারাদেশ
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনার ঈশ্বরদী উপজেলায় চাচাতো ভাইয়ের গুলিতে মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধের জায়গা থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে আজ সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে কথা বলতে যান।
কথোপকথনের একপর্যায়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে এবং তাদের চলে যেতে বলেন। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে লক্ষ্য করে আবারো গুলি চালানো হয়। বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।