সারাদেশ

ঘন কুয়াশায় মেঘনা নদীতে একাধিক লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

ঘন কুয়াশায় মেঘনা নদীতে একাধিক লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ৪
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ঢাকা–চাঁদপুর–বরিশাল–ভোলা নৌরুটে মেঘনা নদীতে একাধিক লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজন ভোলার বাসিন্দা।

জানা গেছে, সংঘর্ষের সময় একটি লঞ্চেই একজন যাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় অন্যদের নিয়ে লঞ্চটি ঢাকার দিকে রওনা দিলে পথেই আরও তিনজন মারা যান।

এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চাঁদপুরের হরিণা এলাকায় ঢাকাগামী জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছায়।

এদিকে একই সময়ে ঢাকা–বরিশাল নৌরুটে চলাচলকারী এম খান–৭ লঞ্চের সঙ্গে চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল–৪ লঞ্চেরও সংঘর্ষ হয়। আমিরাবাদ এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় এম খান–৭ লঞ্চটি মাঝখান থেকে ভেঙে যায়। তবে ঈগল–৪ লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল নৌবন্দরে সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এম খান–৭ লঞ্চটির নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়াকেই এসব সংঘর্ষের প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনায় নৌপথে চলাচলে বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।