সারাদেশ

ট্রেন নিয়ে ঢাকায় গিয়েছিলেন ফিরোজ, গ্রামে ফিরলেন লাশ হয়ে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

ট্রেন নিয়ে ঢাকায় গিয়েছিলেন ফিরোজ, গ্রামে ফিরলেন লাশ হয়ে
ফিরোজ হোসেন সবুজ। ছবি: সংগৃহীত

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকায় গিয়েছিলেন তরুণ ট্রেন পরিচালক ফিরোজ হোসেন সবুজ। ফেরার কথা ছিল লালমনিরহাট কিংবা বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনে। কিন্তু আর ফেরা হলো না কর্মস্থল থেকে। নিজ গ্রামে ফিরলেন নিথর দেহে।

ফিরোজ হোসেন সবুজের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার দাউদপুর গ্রামে। তিনি বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ঢাকায় পৌঁছান ফিরোজ। রাতের দিকে কমলাপুর গার্ড রানিং রুমে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে ঢাকার রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ৩৫ বছর বয়সে ফিরোজ হোসেনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও রেলওয়ে পরিবারের মধ্যে। তার এই অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না।

ফিরোজ হোসেনের ঘনিষ্ঠ সহকারী লোকোমাস্টার সবুজ কালের কণ্ঠকে জানান, “ফিরোজ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকায় গিয়েছিলেন। রাতে কমলাপুর গার্ড রানিং রুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।”

তিনি আরও জানান, ফিরোজের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে এবং সেখানে জানাজার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ফিরোজ হোসেন সবুজ ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড-২ পদে নিয়োগ পান।