সারাদেশ

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 
ছবিঃ প্রতীকী

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. মুন্না মিয়া (২২) পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ফজরের নামাজ আদায় শেষে তিনি পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদের পাশের রেললাইনের ধারে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশকে সহায়তা করা হচ্ছে।