সারাদেশ

মাদকবিরোধী অভিযান চালাতে নিষেধ করায় যুবদল নেতা বহিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম

মাদকবিরোধী অভিযান চালাতে নিষেধ করায় যুবদল নেতা বহিষ্কার
এস এম কাওসার মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। ওই অভিযানের পর এস এম কাওসার মাহমুদ জেলা পুলিশের এক উপপরিদর্শককে ফোন করেন। পরে তার ও পুলিশের ওই কর্মকর্তার ফোন কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফোনকল ফাঁস হওয়ার বিষয়ে কাওসার মাহমুদ তার ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় দাবি করেন, তিনি শুধুমাত্র নিরীহ মানুষদের মাদকবিরোধী হানাহানি থেকে বাঁচানোর কথা বলেছেন। যদি কোনো অন্যায় হয়ে থাকে, তা তদন্তের মাধ্যমে প্রকাশ করা উচিত বলে তিনি জানান।

বহিষ্কারের বিষয়ে কাওসার মাহমুদ বলেন, তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি পুনরায় বিষয়টি তদন্ত করার জন্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন।