সারাদেশ
নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে। নিহতদের একজন কৃষক এবং অন্যজন রাজমিস্ত্রি।
নিহতরা হলেন— খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। তিনি পেশায় কৃষক। অপরদিকে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে সুদিন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে একটি ধানক্ষেতের পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।