সারাদেশ
নওগাঁয় জমি ভাগাভাগির জেরে ফোর মার্ডার, গ্রেপ্তার ৩
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানের বোনের স্বামী শহিদুল ইসলাম (৫০), তাঁর ভাগনে সবুজ রানা (২০) এবং শাহিন হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। হাবিবুর রহমানের বাবা তাঁর ১৭ বিঘা সম্পত্তির মধ্যে বসতবাড়িসহ ১৩ বিঘা হাবিবুরকে দিয়ে বাকি অংশ মেয়েদের মধ্যে বণ্টন করলে পরিবারে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং একাধিকবার গ্রাম্য সালিসও হয়।
পুলিশের তথ্যমতে, হত্যার পরিকল্পনা আগে থেকেই করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় হাবিবুর রহমান তাঁর ভাগনে সবুজ রানাকে নিয়ে গরু কিনতে বাজারে যান। পরে রাতে অভিযুক্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে। সবাই ঘুমিয়ে পড়ার পর প্রথমে হাবিবুর রহমানকে, পরে তাঁর স্ত্রী এবং শেষে দুই সন্তানকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।