সারাদেশ

দেশের ৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০২ এএম

দেশের ৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

বুধবার (৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগের রাতের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি; সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।