সারাদেশ
ভুয়া ফেসবুক আইডি দিয়ে পুলিশ কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন পুলিশ কর্মকর্তা, বিত্তবান ব্যক্তি ও সাধারণ মানুষকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিল। শুধু অপপ্রচারই নয়, চক্রটি উড়ো চিঠি দিয়ে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিত।
সম্প্রতি এ নিয়ে কালিহাতী পৌর শহরের রাজা মিয়া নামে এক ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে শহিদ সিকদার (২৮) নামে এক যুবককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। শহিদ উপজেলার পারখী ইউনিয়নের পারখী উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। এর আগে বুধবার (১৩ মে) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহিদ সিকদারকে আটক করা হয়।
ওসি তৌফিক আজম জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহিদসহ চক্রটি এআই প্রযুক্তি ব্যবহার করে ভয়েস তৈরি করত এবং পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাত। প্রযুক্তির সহায়তায় বুধবার তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ অপপ্রচারের বিষয়টি স্বীকার করেছে। মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও সে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চক্রের মূলহোতাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।