সারাদেশ

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:০২ পিএম

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার  
ছবিঃ সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহগোলা রেলস্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন এবং তিনি নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার বাসিন্দা। 

স্বজন এবং পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করতে পারে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আত্রাই থানা পুলিশের মাধ্যমে জানতে পারি সাহাগোলা রেলস্টেশন এলাকায় একটি মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।