সারাদেশ
ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশি চৌকি থেকে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ আবদুল্লাহ আট দিন পর (২৫) মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৭ জুন দুর্ঘটনার দিনই শহীদ (৩২) নামের অপর এক আরোহী মারা যান। এ নিয়ে ওই মোটরসাইকেলে থাকা দুই যুবকেরই মৃত্যু হলো। নিহত দুই যুবকই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন দুপুর দেড়টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন এলাকায় বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের দাবি, পালিয়ে যাওয়ার সময় আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
জানা গেছে, তল্লাশিচৌকি থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি স্পিডব্রেকারের (গতিরোধক) সঙ্গে ধাক্কা খেয়ে আরোহীসহ মোটরসাইকেলটি ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শহীদ ও আরিফকে উদ্ধার করে। প্রথমে তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে ওই দিনই মারা যান শহীদ। আর আরিফ আবদুল্লাহ চমেক হাসপাতালের আইসিইউতে গতকাল রাতে মারা যান।
নিহত আরিফ আবদুল্লাহ ঈদগাঁও থানার চৌফলদণ্ডী এলাকার নাজির হোসেনের ছেলে। আর প্রথম দিন মারা যাওয়া শহীদের বাড়ি কক্সবাজারের ভোমরিয়াঘোনা এলাকায় বলে জানা গেছে।
মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যুকে ঘিরে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল বলেন, ‘মোটরসাইকেলটিকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পুলিশের দিকে একটি ব্যাগ ছুড়ে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাওয়ার পরপরই পুলিশ তাদের পিছু নেওয়ার চেষ্টা করে। যাওয়ার পথে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এবং বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে জানতে পারেন, চেকপোস্ট থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে একটি স্থানে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়েছে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ আবদুল্লাহ নামের ওই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
তিনি আরও বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন। এ ঘটনায় মাদক মামলার পাশাপাশি এই দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’