সারাদেশ

জানা গেল পরিচয়, নরসিংদীতে নিহত বাকপ্রতিবন্ধী বুবি বগুড়ার ওয়াহিদা বেগম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

জানা গেল পরিচয়, নরসিংদীতে নিহত বাকপ্রতিবন্ধী বুবি বগুড়ার ওয়াহিদা বেগম
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ‘বুবি’র প্রকৃত পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি এলাকায় ‘বুবি’ নামে পরিচিত থাকলেও, মৃত্যুর পর জানা গেছে তার আসল নাম ওয়াহিদা বেগম।

তিনি বগুড়া জেলার গাবতলী থানার নারুয়ামালা ডাকঘরের ঘোন শাখাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের মেয়ে। শনিবার (১১ জুলাই) দুপুরে রায়পুরায় নিহত বৃদ্ধার কবর জিয়ারত করতে এসে তার ছোট বোনের জামাতা সৈকত এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্যাতন করে হত্যা ও তার জমানো টাকা লুটের একটি পোস্ট তার নজরে আসে। পরে ছবিটি তার স্ত্রী রাবেয়া খাতুনকে দেখালে তিনি নিজের খালাকে শনাক্ত করেন। পরিবারের অন্য সদস্যরাও নিশ্চিত হন, নিহত ওই নারীই তাদের দীর্ঘদিনের নিখোঁজ স্বজন ওয়াহিদা বেগম।

দীর্ঘদিন পর স্বজনের সন্ধান পেয়ে পরিবার স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদা বেগমের স্বামী বহু আগেই মারা যান। তাদের একটি কন্যাসন্তান জন্মালেও অল্প সময়ের মধ্যেই শিশুটি মারা যায়। পরিবারে চার ভাই ও চার বোনের মধ্যে বর্তমানে তিন বোন জীবিত রয়েছেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, শনিবার দুপুরে দুজন ব্যক্তি নিজেদের ওই বৃদ্ধার আত্মীয় দাবি করে একটি পুরোনো ছবি নিয়ে আসেন এবং কবর জিয়ারত করেন। মেথিকান্দা রেল স্টেশনের স্টেশন মাস্টার তাদের নাম-পরিচয় সংরক্ষণ করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে প্রায় ৮০ বছর বয়সী এই বৃদ্ধার মৃত্যু হয়। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।

নির্যাতন ও হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।