সারাদেশ

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মৃত্যু


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মৃত্যু
ছবিঃ ঢাকা প্রকাশ

নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ.ত.ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন ইউসুফ। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে যাওয়া একটি বিআরটিসির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। তাদের মতে, এ ঘটনায় বাসচালকের সরাসরি কোনো দোষ ছিল না।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।